বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ৫ বছরে দেশের বিদ্যুৎ খাতে ১০০০ প্রকৌশলীর প্রয়োজন হবে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী ‘জাতীয় কর্মসংস্থান মেলা-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্বালানি খাতের সম্প্রসারণ বড় চাকরির সুযোগ সৃষ্টি করবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভেনসেন্ট চ্যাংয়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।
চাকরির বাজার নিয়ে তরুণদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে নসরুল হামিদ বলেন, তরুণদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখা উচিত।
তিনি অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশ করে বলেন, যদি আপনারা নিজেদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারেন তাহলে যেকোনো ভালো চাকরি পাবেন।
তরুণদের চাকরি খোঁজার পরিবর্তে চাকরি সরবরাহকারী হওয়ার চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকার অনুদান প্রদানের মাধ্যমে সরকার তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল তরুণ গবেষকদের জমা দেয়া প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ ২ কোটি টাকা সরবরাহ করছে।