যশোরের কিশোর শাহীনের মাথা ফাটিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি নাইমুলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন- যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাবর আলীর ছেলে ছিনতাই চক্রের প্রধান নাইমুল, সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারের বারেক আলী ও কলারোয়ার মির্জাপুর মোড়ের আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রি।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে আরও ৩-৪ জন জড়িত রয়েছে। কিন্তু তাদের নাম প্রকাশ করেননি পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ জুন নাইমুলসহ অজ্ঞাত তিনজন কিশোর ভ্যানচালক শাহীনকে ফোন করে বলে, ‘কাল কলারোয়ায় একটি ভাড়া আছে। তুই সকালে কেশবপুর বাজারে চলে আসিস।’ এসময় তারা ৩৫০ টাকা ভাড়া চুক্তি করে। পরদিন সকালে শাহীন ভ্যান নিয়ে কেশবপুর বাজারে গিয়ে দেখে নাইমুলসহ তিনজন দাঁড়িয়ে আছে। সেখান থেকে তারা ভ্যানে উঠে কেশবপুর হাসপাতালের সামনে দিয়ে সরসকাটি চৌগাছা হয়ে ধানদিয়া জামতলা মোড়ের পাশে ফাঁকা জায়গায় পৌঁছে শাহীনকে ভ্যান থামাতে বলে। তারা শাহীনকে বলে ভ্যান দিয়ে বাড়ি চলে যা, বাড়ি গিয়ে এ সম্পর্কে কিছু বললে তোকে মেরে ফেলবো। ভ্যান দিতে রাজি না হওয়ায় তারা ভ্যানের সিটের লোহার সঙ্গে শাহীনের মাথায় আঘাত করে। এতে শাহীন অচেতন হয়ে পড়লে তাকে পাটক্ষেতে ফেলে রেখে ওই তিনজন ভ্যান নিয়ে চলে যায়। পরে আসামিরা ঝাউডাঙ্গা বাজারে গিয়ে বারেক আলীর কাছে ভ্যানের চারটি ব্যাটারি ও কলারোয়ার রায়ার মির্জাপুর মোড়ের আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রির কাছে ভ্যানটি বিক্রি করে টাকা সমান ভাগে ভাগ করে নেয়।
উল্লেখ্য, কেশবপুরের মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কিশোর শাহীনের ভ্যানে শুক্রবার (২৮ জুন) দুপুরে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে পৌঁছালে কথিত যাত্রীরা শাহীনের মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। অনেকক্ষণ অচেতন অবস্থায় সেখানে পড়ে থাকে সে। জ্ঞান ফিরলে শাহীনের কান্নার শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটা (প্রশাসনিক) থানায় খবর দেন।
এরপর পুলিশ শাহীনকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে পরদিন শনিবার (২৯ জুন) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
তার আগে ঢামেকে শনিবার রাতেই শাহীনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে রাত সোয়া ৩টায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গুরুত্বর আহত শাহিন বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।