নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রাম থেকে বৃহস্পতিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাছিনা আক্তার পাখি (২৯) দাগনভূঁঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বেটারপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী আনোয়ার হোসেন (৩৮) ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
নিহতের চাচাতো ভাই ইউনুছের অভিযোগ, ১২ বছর আগে সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ারের সাথে পাখির বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন অজুহাতে তাকে মারধর করতো আনোয়ার।
ইউনুছের দাবি, বুধবার পাখি থানায় গিয়ে তাকে মারধরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তার একটি কপি বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনার জের ধরে রাতে আনোয়ার বাড়িতে এসে পাখিকে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
তবে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিহত হাছিনা আক্তার পাখির কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।