‘হক চাচা’র পর প্রধানমন্ত্রীর আরেক আত্মীয়ের নামও এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের করা রাজাকারের তালিকায়। এছাড়াও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বরিশালের বিশিষ্ট এক সাংবাদিকসহ ৬ জনের নাম এখন পর্যন্ত ওই তালিকায় পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বড় ভাই এবং আবুল হাসানাত আব্দুল্লাহর বড় চাচা মরহুম আব্দুল হাই সেরনিয়াবাত শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েও তার নাম উঠেছে রাজাকার তালিকায়। সদ্য প্রকাশিত তালিকার ৫৮ নম্বরে রয়েছে তার নাম।
এ বিষয়ে মরহুম আব্দুল হাই সেরনিয়াবাতের পুত্রবধূ নাসরিন নাহার বলেন, ‘খুব অবাক হইছি, হতভম্ভ হইছি, দুঃখ পেয়েছি। আমরা চাই এটা সংশোধন হোক।’
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. মজিবুল হক বা নয়া ভাইয়ের নাম রয়েছে ওই তালিকায়। যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হক চাচা’ বলে ডাকতেন।
এদিকে বরিশালের বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মিহির লাল দত্ত ও তার বাবা জিতেন্দ্র লাল দত্তের নামও রয়েছে এই তালিকায়। এ পরিবারের ৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে শহীদ হন দু’জন। এরপরও রাজাকারের তালিকায় নাম ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।