ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসীরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, ‘কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ মানুষ বিশেষ করে সারা পৃথিবীতে অবস্থানকারী বাংলাদেশি অভিবাসীরাই এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।’

বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিকূল পরিবেশে অমানবিক পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছে তারাই আমাদের অর্থনীতি চাঙ্গা করার মূল নায়ক। তাদের উপার্জিত আয়ের কারণেই আমাদের রিজার্ভ বেড়েছে, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারছি। এজন্য এসব অভিবাসী ভাই-বোনদের কল্যাণের দায়িত্ব আমাদের সকলের।’

‘সরকারের নানা প্রচেষ্টা সত্ত্বেও দালালের খপ্পরে পড়ে কিছু মানুষ বিদেশে পাড়ি জমিয়ে বিপদের মুখে পড়ছে। তবে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে সরকার আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালিয়ে যাচ্ছে’ উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়।