ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের কল্যাণে বাল্যবিয়ে থেকে স্কুলছাত্রীর রক্ষা

সিরাজগঞ্জ সদর উপজেলার খোর্দ্দবয়ড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের কল্যাণে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক ছাত্রী।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খোর্দ্দবয়ড়া গ্রামে কনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে নবম শ্রেণির এক ছাত্রীর (১৪) সাথে মৈশামুড়া গ্রামের এক পোশাক শ্রমিকের (২০) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ এবং কনের  ভগ্নিপতিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে বর ও কনের বাবার কাছ থেকে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়।

অভিযানে পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।