ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন পূরণে ঋণ দিচ্ছে বিসিক

ক্ষুদ্র মূলধন থেকে বৃহৎ আঙ্গিনা পরিণত করতে পারলেই পরিশ্রম সার্থক হয় উদ্যোক্তাদের। ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত করতে সাহায্য করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। ঘরে তৈরি পণ্য সামগ্রী নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা আগামীর স্বপ্ন দেখছেন। আর এ স্বপ্ন পূরণে সহায়তা করছে বিসিক। ঋণ প্রদানের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাফল্য দেখতে চায় সরকারী এ প্রতিষ্ঠান। সরকারী প্রতিষ্ঠানে চাকরিজীবী জামিনদারের গ্যারান্টার মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার প্রক্রিয়া চালু রয়েছে। ফলে যে কোন ক্ষুদ্র পরিসরের উদ্যোক্তা বিসিকের ঋণ নিয়ে নিজেকে নির্ভরশীল করার সুযোগ পাচ্ছেন বিজয়ের মাসে চট্টগ্রামের আগ্রাবাদর বিসিক দফতরের নিচে ১৫ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। আয়োজিত মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্পের তালিকায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠান। তবে এরমধ্যে অনলাইন কিছু নারী উদ্যোক্তাও এই প্রাঙ্গণে সরাসরি ক্রেতার চাহিদা ও আকর্ষণ কাড়তে হাজির হয়েছিল। প্রদর্শন করেছে তাদের তৈরি ভেষজ, হারবাল ও ত্বকের বিভিন্ন উপকরণ। যা সচরাচর দোকান কিংবা শপিংমলে পাওয়া যায় না।

এ বিষয়ে মেলার কো-অর্ডিনেটর ও বিসিকের প্রমোশন অফিসার তানিজা জাহান জনকণ্ঠকে বলেন, আমরা উদ্যোক্তা সৃষ্টিতে ক্ষুদ্র ঋণ দিচ্ছি। ফলে অর্থ সঙ্কটের সমস্যা থাকছে না। তবে গ্যারান্টার না থাকলে সেক্ষেত্রে ঋণ দেয়া সম্ভব হয় না। এবারের মেলায় বিভিন্ন নামে স্টল খোলা হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী অর্ডার নেয়া হয়েছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বিসিকের ছোট্ট আঙ্গিনায় সারি সারি ক্ষুদ্র আয়তনের স্টল। আটসাঁট আয়োজন হলেও ক্রেতাদের ভিড় ছিল সবচেয়ে বেশি। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন প্রায় ১২ ঘণ্টাব্যাপী তিনদিনের এই আয়োজনকে ঘিরে গ্রাহকদের ব্যাপক সাড়া নজর কাড়ার মতোই। নগরীর আগ্রাবাদের বাদামতলী মোড়ের বিসিক ভবনের এই মেলার অপেক্ষার প্রহর গুনতে থাকে আগতরা।

এই মেলার বিশেষ আকর্ষণ মৌচাক থেকে সংগৃহীত মধু সরাসরি ক্রেতার কাছে বিক্রয় করা হয়। এতে কোন ধরনের কৃত্রিমতা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। আসল মধুর সেরা ঠিকানা বিসিকের এই মেলা। ফলে ক্রেতারা অপেক্ষায় থাকে প্রতি বছরই। মেলার প্রবেশ মুখেই বেতের ও বাঁশের তৈরি সাজসজ্জার নানা আইটেম ছিল নজর কাড়ার মতো। নারী উদ্যোক্তা সাহেদা আক্তার মুন্নী ঢাকা থেকে এসবের পসরা নিয়ে বসেছে। সুলতানা শারমিন নামের আরেক নারী উদ্যোক্তা অনলাইন বাদ দিয়ে তার ভেষজ ও হারবাল পণ্যের পসরা নিয়ে বসেছিল এই আঙ্গীনায়। গ্রাহকদের সঙ্গে সরাসরি সাক্ষাত ও তৈরি পণ্যের মান নিয়ে গ্রাহকের কোন জিজ্ঞাসা রয়েছে কিনা তা নিয়ে আলোচনাই মূল উদ্দেশ্য ছিল বলে জনকণ্ঠ প্রতিবেদককে জানালেন তিনি।

এবারের বিসিক মেলায় অংশ নেয়া ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অগ্রজ, সুলতানা ক্রাফট, স্বীকৃতি বুটিকস, আইরিশ বুটিকস, ফ্রু ফ্রু চো ফ্যাশন, ড্রীমওয়ে, এস এইচ মাহফুজা, তাড়ং, নাহার বুটিক, তুষার ফ্যাশন, আয়েশা বুটিক, রীহা টেক্সটাইল, বনশ্রী, কুদরতি মধু, সলিড মধু, পদ্ম মধু, মুগ্ধ মধু, সজীব মৌ খাবার, আলওয়ান এন্টারপ্রাইজ, মীয়্যার মধু, অর্গানিক টেস্ট পার্ক, চট্টলা নারী প্রগতি, এ এইচ ফ্যাশন, আহানাফ ফ্যাশন, বিথীকা বুটিকস, মজুমদার ট্রেডার্সসহ ৩৪টি প্রতিষ্ঠান। এমনও দেখা গেছে একই প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন আইটেমের ওপর স্টল খুলেছে। এর কারণ হলো বিসিকের এই প্রাঙ্গণে স্টলের ভাড়া কম।