ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্ট কর্মীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গার্মেন্ট কর্মীকে (২১) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালীর গলাচিপা থানার রতনপুরের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (২১) এবং কুমিল্লার দাউদকান্দির ভবানীপুরের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মেহেদী হাসান (১৯)।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণী ও অভিযুক্তরা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরি সূত্রে সোহান হাওলাদারের সাথে ওই গার্মেন্ট কর্মীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই তরুণীর সাথে সোহান হাওলাদারের বিয়ের বিষয়ে কথা বলার জন্য মেহেদী হাসান তার বোনের আটি হাউজিংয়ে বাসায় নিয়ে যান। সেখানে প্রথমে সোহান হাওলাদার ও পরে মেহেদী হাসান তাকে ধর্ষণ করেন।

এ বিষয়ে ধর্ষণের শিকার তরুণী সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।