ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বউয়ের সিংহাসন ছেড়ে সুবিধাবঞ্চিত শিশুদের আপ্যায়ন

বিয়েবাড়ির(কমিউনিটি সেন্টারের) গেটে সুবিধাবঞ্চিত শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখে একদিন নিজের বিয়েতে আমন্ত্রণ জানানোর স্বপ্ন দেখেছিলেন মুনিরা। সেই স্বপ্নপূরণ করেছেন নিজের নতুন জীবনে ঢোকার শুরুতেই। ঢাকার ইস্কাটনে গত শনিবার (১১ জানুয়ারি) ‘উদ্ভট’এমন স্বপ্নের বাস্তবায়নের সাক্ষী হয়েছেন অনেকেই।

স্টেজ থেকে ওঠে এসে কনে মুনিরা দাঁড়ান খাবার টেবিলের সামনে। নিজে দাঁড়িয়ে থেকে পরম মমতায় সুবিধাবঞ্চিত শিশুদের আহার করিয়েছেন, তুলে দিয়েছেন প্রিয় খাবারগুলো। বিয়ে-শাদীতে অবস্থাপন্ন ব্যক্তি ও সাধারণ মানুষেরা দাওয়াত পেলেও সমাজের একটি অংশ বরাবরই এমন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পান না। বলা চলে বঞ্চিত হন। সেই অংশের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিশুরা। যারা একটু ভালো ও সুস্বাদু খাবারের আশায় বিয়ের গেটের দাঁড়িয়ে থাকেন দীর্ঘসময় ধরে। খাবার উদ্বৃত্ত থাকলে তাদেরকে কালেভদ্রে কেউ খেতে দেন। আবার অনেকেই তাড়িয়ে দেন।

সমাজের এমন নিষ্ঠুর বাস্তবতার বিপরীতে আছেন কেউ কেউ। তারা সমাজের তথাকথিত আভিজাত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসামঞ্জস্যপূর্ণ কাজটি সাহসের সঙ্গে করেন। নিয়মভাঙার এমন কাজটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা যায় সাড়া ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গবেষক মুনীরা। রাজধানীর ইস্কাটন এলাকার একটি কমিউনিটি সেন্টারে এমন ব্যতিক্রমী উদ্যোগে অনেকেই মুনীরার ভূয়সী প্রশংসা করেছেন।

অন্যদের বিয়েতে সুবিধাবঞ্চিত শিশুদের বিয়ের গেটে দাঁড়িয়ে থাকতে দেখতেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন নিজের বিয়েতে ভালো পোষাকে, পেটপুরে নিজের হাতে পছন্দের খাবার খাইয়ে দেবেন সমাজের অবহেলিত সেসব শিশুদের। তাই শিশুরা আসার সাথে সাথেই বিয়ের স্টেজ ছেড়ে স্বামীসহ নেমে আসেন খাবার টেবিলে। তাদের আপ্যায়ন করেন নিজ হাতে। নববিবাহিত মুনীরার এই ইচ্ছাপূরণে এগিয়ে আসে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যারা দীর্ঘদিন ধরে ‘এক টাকায় আহার’ কার্যক্রম চালানোর জন্য দেশব্যাপী বেশ পরিচিতি পেয়েছে।

সামাজিক ও মানবিক উভয় দিক দিয়ে মহৎ এ ঘটনা বেশ আলোচিত হয়েছে ফেসবুকে। ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে নেটিজেনদের কেউ কেউ লিখেন ‘দারুণ উদ্যোগ’, ‘সত্যিই অসাধারণ’, কেউ বা লিখেছেন ‘জয় হোক মানবতার’। আবার এর বিপরীতেও অনেকে লিখেছেন ‘যতসব শো অফ’, ‘লোকদেখানো কাজ কারবার’ বলেও কমেন্ট করেছেন কেউ কেউ।

মোহাম্মদ জামাল উদ্দিন নামের একজন স্বেচ্ছাসেবী লিখেছেন, ‘মুনীরার বিয়েতে সুবিধাবঞ্চিত শিশুদের দেখে এবং তাদের আপ্যায়নে বর-কনের মেতে ওঠার দৃশ্য দেখে হয়ত অনেকে বিরক্ত হয়েছেন। কিন্তু নিজের সাহসী স্বপ্ন বাস্তবায়ন করে যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মুনীরা, তা অনেককেই অনুপ্রাণিত করবে। ভাল থাকুক মানবদরদী এই দম্পতি।’