ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লা শহরতলীর পশ্চিম চাঁনপুর এলাকায় রবিবার বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত শরীফুল ইসলাম জনি (২৭) ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার হোমিওপ্যাথি কলেজের সামনে থেকে রাজিব ও হাসান নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহতের মা জোসনা বেগমের বরাত দিয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে জনিকে বাড়ি থেকে ডেকে নেয় পার্শ্ববর্তী পুরাতন চৌধুরীপাড়া এলাকার সাগর, রাজিব ও হাসান। তারা তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করে।

পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত জনিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।