ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে বাড়ছে প্রাণহানি, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ১৭৭২

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে।

বুধবার ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার একদিনে ১ হাজার ৬৩০ জন মারা যায়।

এদিকে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে আমেরিকায়। বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭১২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে মোট ৮৫ হাজার ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো নিউইয়র্ক। সেখানে সর্বোচ্চ ২৭ হাজার ২৯০ জনের প্রাণ গেছে। এছাড়া আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৫০ হাজার ৮৪৮ জন।