ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে হেরোইনসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

কেরানীগঞ্জে প্রায় ১০ লাখ টাকা সমমূল্যের হেরোইন ও একটি ‘খেলনা’ পিস্তলসহ রাজু আহমেদকে (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার জিনজিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার এস আই রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, আটক রাজুর বিরুদ্ধে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ১১টি মামলা রয়েছে। সে থানার রহমতপুর এলাকার আনসার আলীর ছেলে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, রাজু এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

‘রাজুকে আটকের পর তার কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের হেরোইন, একটি খেলনা পিস্তল, দুটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে’ বলেন ওসি।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।