ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর করোনায় মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মাগুরায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

মৃত ওই নারীর নাম মৌসুমি আক্তার (২৬)। সে মাগুরা শহরের আদর্শ পাড়া এলাকার আবু তাহেরের মেয়ে ও মাহাবুবুর রহমানের স্ত্রী।

সোমবার ভোরে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, ১ জুলাই মৌসুমি আক্তার ও তার বাবা আবু তাহেরের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ৩ জুলাই তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। এরই মধ্যে মৌসুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জুলাই রাতে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

মৃতের স্বামী মাহাবুবুর রহমান জানিয়েছেন, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছেন। মৌসুমি আক্তারকে তার শ্বশুরবাড়িতে দাফন করা হবে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, ৩ জুলাই ওই নারীর করোনা শনাক্ত হয়। তিনিসহ এ পর্যন্ত মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

রবিবার পর্যন্ত মাগুরায় ১৬৬ জন করোনা শনাক্ত রোগীর মধ্যে ৫২ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছেন তিনি।