ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)।

সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে রবিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাগান্না গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড, জিহাদি বই এবং বিপুল পরিমান বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইনামুল হক ও সিরাজুল ইসলাম পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি বৈদ্যুতিক তার ও বোমা তৈরির অন্য উপাদান দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিল বলে জানিয়েছে বলে জানায় এটিইউ।

অ্যান্টিটেররিজম ইউনিট আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে আসছে। গ্রেপ্তারকৃতরা ইসলামী খিলাফাত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।