ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বহুতল ভবন ধস, নিহত অন্তত ১১

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নীচ থেকে ছয় পুরুষ ও পাঁচ নারীর দেহ টেনে বের করেছে। সোমবার (২৪ আগস্ট) রাজ্যের রায়গড় শহরে ধসে পড়া ভবনটিতে ৪৫টির বেশি ফ্লাট ছিল। আরও ১৭ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে ধ্বংসস্তুপ থেকে ৪ বছরের এক শিশুসহ ৬০ জনকে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। পাঁচ তলা ওই ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট ছিল এবং অধিবাসী ছিল ৯৫ জন। ঘটনার সময় ৭৫ জন বের হয়ে আসতে সক্ষম হয়েছে, বলছে পুলিশ। কয়েকটি খবরে বলা হয়েছে, বাড়িটি ১০ বছরের পুরোনো।

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষায়িত সরঞ্জাম এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে তিনটি দল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে মাহাদ জেলার রায়গড় শহরে ভবনটি ধসে পড়ে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আকস্মিকভাবে তারিক গার্ডেন নামের ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনটি ধসে পড়লে ওই এলাকায় বিশাল ধূলার মেঘ তৈরি হয়।

স্থানীয় জেলা কালেক্টর নিধি চৌধুরী জানান, প্রথমে দশ বছরের পুরনো ভবনটির ওপরের তিন তলা ধসে পড়ে। তখন অল্প কয়েকজন মানুষ দৌড়ে বের হয়ে আসতে সক্ষম হয়। সেখান থেকে ১৫ জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় আইনপ্রণেতা ও কংগ্রেস নেতা সুনিল তাতকারে জানিয়েছেন, অচিরেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করা হবে।

ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা পরিষ্কার হয়নি। তবে গত কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিপাতে কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘মাহাদ ও রায়গড়ে ভারি বৃষ্টিপাত নতুন কিছু নয়, সেকারণে সেখানে ভবিষ্যতে ভবন অনুমোদনের সময় নকশা ও নির্মাণ কাজ তদারকি করা হবে। এই দুর্ঘটনায় কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই ভবন ধসের ঘটনাকে ইতোমধ্যে বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভাব্য সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত মাসেই মুম্বাইতে ভারি বর্ষণে অপর একটি বহুতল ভবন ধসে অন্তত নয় জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়।