ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোমতীতে ডুবে যাওয়ার একদিন পর ২ ‍শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীতে দাদির সাথে গোসল করতে গিয়ে থেকে ডুবে যাওয়ার এক দিন পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার রসুলপুর এলাকা থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত মনিজা (৭) উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে ও ফাতেমা (৬) হোসেন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনিজা ও ফাতেমা শুক্রবার দাদির সাথে গোমতী নদীতে গোসল করতে যায়। দাদির অলক্ষ্যে দুই চাচাতো বোন নদীর পানিতে ডুবে যায়।

এলাকার লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন করে। পরে চাঁদপুর থেকে একদল ডুবুরি এসে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পায়নি। শনিবার সকালে ওই স্থানেই তাদের মৃতদেহ ভেসে উঠে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম দুই শিশুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্ভবত দুই শিশু নদীর স্রোতে ভেসে যায়।