ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে আজ ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে এটিই তাঁর প্রথম সফর।

সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতেই পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৮৩ কিলোমিটারের বেশি নদী পুনঃখনন, ১১ কিলোমিটারের বেশি নদীতীর সংরক্ষণ এবং একটি হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণ করা হবে। ফেনীর বন্যাপ্রবণ এলাকাগুলোতে পানি নিয়ন্ত্রণ, দ্রুত নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যার ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং নদীতীরবর্তী জনপদের সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে পরশুরাম ও ফুলগাজীসহ বন্যাপ্রবণ এলাকার মানুষের দীর্ঘদিনের বাঁধ, পানি নিষ্কাশন ও সেচসংক্রান্ত সমস্যার সমাধানে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রীর সফরে শুধু পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন নয়, সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়তার কর্মসূচিও রয়েছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমেরও আনুষ্ঠানিকতা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সফরের অংশ হিসেবে এ বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সফরের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে।