ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি, ফিরে এসে ছাড়ার প্রতিশ্রুতি

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের সংশোধনের উদ্যোগ নিয়েছেন। একাধিকবার মাদক মামলায় জড়িয়ে জামিনে মুক্তির পর ফের একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ থাকা দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়েছেন তিনি।

ওসি জানান, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলালের বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জামিনে বের হওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়তেন বলে স্থানীয়ভাবে অভিযোগ ছিল। এ পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়দের সহযোগিতায় দুই ব্যক্তিকে থানায় ডেকে এনে নৈতিক ও ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়। তিন দিন তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় গিয়ে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় শাহজালাল ও হেলাল নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত না থাকার প্রতিশ্রুতি দেন। তারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন বলেও জানান।

ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু মামলা ও আইনি ব্যবস্থা দিয়ে সব সময় মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের নৈতিকভাবে পরিবর্তনের সুযোগও দিতে হবে। তারা যেন সংশোধিত হয়ে সমাজে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটিই এ উদ্যোগের উদ্দেশ্য।

পুলিশ কর্মকর্তার এ উদ্যোগে স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা কমাতে সহায়ক হতে পারে।