ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

মাদারীপুরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ তাওহীদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার ছিলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাওদীদ মাদারীপুর শহরের শহীদ হারুন সড়ক এলাকার ইতালি প্রবাসী মোহাম্মদ সুজন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে মায়ের সঙ্গে শিশু তাওহীদ সদর উপজেলার ছিলারচর গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। রোববার সকালে বাড়ির পাশেই খেলা করছিল শিশু তাওহীদ।

হঠাৎ করেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর শহরের শহীদ হারুন সড়ক এলাকায় তার দাদাবাড়িতে নিয়ে আসা হয়।
পরে দুপুরে দরগা শরিফ কবরস্থানে তাওহীদের জানাজা শেষে দাফন করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। কোনো অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় শিশুটির মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।