ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিশু অধিকার সপ্তাহ

শিশু নিপীড়ন থামছে না

দেশে ধর্ষণসহ শিশু নিপীড়ন থামছে না। অনেক শিশু আবার হত্যারও শিকার হচ্ছে। কন্যাশিশুসহ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। ৫-১১ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের মধ্যেই নারী ও কন্যাশিশুরা সহিংসতার শিকার হচ্ছে।

বুধবার সিলেট নগরীতে এক শিশুকে নিজের বাসার ছাদে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। একই রাতে বরিশাল সদর উপজেলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

মানিকগঞ্জের হরিরামপুরে এক শিশুকে পাঁচ টাকা হাতে ধরিয়ে দিয়ে ধর্ষণ করেছে ৪০ বছরের এক প্রতিবেশী। ঢাকার সাভার উপজেলায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

সোমবার চট্টগ্রামের রাউজানে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করা হয়েছে। একই দিন রাঙ্গামাটির লংগদু উপজেলায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রামের আনোয়ারায় এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় আশিকুর রহমান নয়ন নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সিলেটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। শুধু শারীরিক নয়, অনলাইনে যৌনবিষয়ক বার্তা, ছবি, ভিডিও পাঠানো হচ্ছে। ইন্টারনেটে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে কিশোররা।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মঙ্গোলিয়ায় আইন অনুযায়ী ধর্ষিতার পরিবারের সদস্যদের দিয়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উত্তর কোরিয়ায় ফায়ারিং স্কোয়াডে ধর্ষককে হত্যা করা হয়। তারা বলেন, কন্যাশিশুরা দ্বিগুণ যৌন হেনস্তার শিকার হচ্ছে। শিশুদের সঙ্গে যৌন হেনস্তা করলে তারা পুরো বিষয়টি কাউকে বলতে পারবে না কিংবা কোনো সাক্ষী থাকবে না বলে মনে করে অপরাধীরা। তারা আরও বলেন, শিশুরা ধর্ষণ কিংবা যৌন হেনস্তার শিকার হলে অভিভাবক কিংবা স্বজনরা একটু সচেতন হলেই বিষয়টা বুঝতে পারবেন।

নারী ও কন্যাশিশুর প্রতি প্রতিনিয়ত যৌন নির্যাতনসহ শারীরিক নির্যাতন ও সহিংসতা চলছে। এরই মধ্যদিয়ে সোমবার আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়েছে। একই সঙ্গে সপ্তাহব্যাপী শিশু অধিকার দিবস চলছে। ১১ অক্টোবর বিশ্ব কন্যাশিশু দিবস ও আগামী মাসের ২৫ তারিখ বিশ্ব নারী নির্যাতন বিলোপ দিবস পালিত হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানান, নারী ও কন্যাশিশুর প্রতি যৌন নির্যাতন দিন দিন ভয়ানক হচ্ছে। নির্যাতনের ধরন পাল্টে যাচ্ছে। নির্যাতন শেষে সিগারেটের আগুনের ছ্যাঁকা অথবা ব্লেড বা ধারালো কোনো অস্ত্র দিয়ে সারা শরীর ক্ষত-বিক্ষত করার ঘটনা ঘটছে। আপনজন ও প্রতিবেশীর দ্বারাই নারী ও শিশুরা সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আগের চেয়ে বর্তমানে যৌন নির্যাতনের শিকার হয়ে নারী ও কন্যাশিশুরা ওসিসিতে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন জানান, ঘরে-বাইরে কোথাও নারী ও কন্যাশিশুরা নিরাপদ নয়। যৌন নির্যাতন শেষে হত্যার মতো ঘটনা হরহামেশা ঘটছে। অপরাধীদের বিচার নিশ্চিত করা যাচ্ছে না। ধর্ষণের পর হত্যা আর যৌন পীড়নের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে ৩০ শতাংশের কম বিচার হয়। বাকি ৯৭ শতাংশ মামলার আসামি বিচার শুরুর আগেই অব্যাহতি পায় অথবা পরে খালাস পায়। দ্রুত সময়ের মধ্যে ধর্ষককে শাস্তি নিশ্চিত করতে হবে জানিয়ে অধ্যাপক কার্জন বলেন, পুরো ফৌজদারি ব্যবস্থাকে নারীবান্ধব করতে হবে। একই সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিভিশন বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে পর্নোগ্রাফি বা অশ্লীল ছবি কিংবা ভিডিও নিষিদ্ধ করতে হবে। ধর্ষণ বা বলাৎকারের অভিযোগ উঠলে পুরুষকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান যুগান্তরকে জানান, নারী ও শিশুর প্রতি বর্বরতা রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সব সময় সোচ্চার থাকতে হবে। ধর্ষণ, হত্যা, সহিংসতা, যৌন নির্যাতন বন্ধে নারী-পুরুষকে সমবেতভাবে কাজ করতে হবে।

নন্দিত কথাসাহিত্যিক মনোবিজ্ঞানী আনোয়ারা সৈয়দ হক জানান, ধর্ষকরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। যে সমাজে নারীর মূল্যায়ন হয় না, নারীদের নিরাপত্তা নেই, সেই সমাজ কী করে আদর্শ সমাজ হয়।

ফোরামের ১৭৮টি সদস্য সংগঠনের পক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন। এমন বর্বর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, করোনাভাইরাসের এ মহামারীর মধ্যে বাড়ছে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ জানান, ক্ষতিকর দিক এড়িয়ে শিশুদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে। স্ক্রিনে ৪০ মিনিটের বেশি সময় কাটাতে দেয়া যাবে না। মনে রাখতে হবে, ভালো ভালো সাইট দেখাতে হবে শিশুদের।

পুলিশের অবসরপ্রাপ্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিশুদের ওপর নির্যাতন বা ধর্ষণ বৃদ্ধির কারণ হিসেবে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর বর্থ্যতাকে দায়ী করেন। এমনটি সব ক্ষেত্রে সঠিক নয়, কারণ শিশুরা যৌন হেনস্তার শিকার হয় সবচেয়ে বেশি আপনজনদের কাছ থেকে। ঘরের মানুষের কাছ থেকে। শিশুরা এক শ্রেণির লোকের টার্গেটে পরিণত হচ্ছে। শিশুদের নিয়ে পর্নোগ্রাফি তৈরি করা হচ্ছে। শিশুদের ওপর বল খাটানো বা প্রভাবিত করা, ভয় দেখানো সহজ হয়। ফলে সেই সুযোগটি নিচ্ছে সব বয়সী অপরাধী।

বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী করোনায় নারী-শিশু ধর্ষণ-নির্যাতন বেড়েছে। জুলাইয়ে ১০৭, আগস্টে ১০৮ এবং সেপ্টেম্বরে ১০৯ জন ধর্ষণের শিকার হয়েছেন।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য, এদিকে চলতি বছরের ৯ মাসে দেশে ৯১৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে পাঁচ শতাধিকের উপরে শিশু ধর্ষণের শিকার হয়েছে। যাদের বয়স ৪ বছর থেকে ১২ বছরের মধ্যে। সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে।

চলতি বছরের ৬ মাসে ৬৮০ শিশু নানা সহিংসতার ও ২৯৭ শিশু হত্যার শিকার হয়েছে। এছাড়া ৩৯৯টি ধর্ষণ ও ৯টি বলাৎকারের ঘটনা ঘটেছে। গত বছরের ৫ জানুয়ারি রাজধানীর গেণ্ডারিয়ায় একটি কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ২০১৬ সালে ধর্ষণের ঘটনা ৭২৪টি। এর মধ্যে ৩০৮টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৫৭টি শিশুর বয়স ১২ বছরের কম। ৬ বছরের নিচে আছে ৪৬টি শিশু।