ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

প্রশিক্ষণ সনদ স্নাতকোত্তর দেখিয়ে সহকারী অধ্যাপক

একটি এনজিও থেকে সাময়িক প্রশিক্ষণের সনদ নিয়ে সেটিকে স্নাতকোত্তর ডিগ্রি দেখিয়ে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজে সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন ডা. আ জ ম দৌলত আল মামুন। এমনকি চার বছরের অভিজ্ঞতার সনদও দিয়েছেন ভুয়া।

বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং স্বাস্থ্য অধিদফতরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) তদন্ত করে সত্যতা পেয়েছে। কিন্তু তারপরও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি ওই পদে বহাল আছেন, যা সংশ্লিষ্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে। তারা বলছেন, টাকার বিনিময়ে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন দৌলত আল মামুন।

জানা গেছে, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেয়া হয় ২০১৪ সালে। ওই পদে আবেদনের যোগ্যতা ছিল সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। বাংলাদেশে এ বিষয়ে স্নাতকোত্তর করার কোনো সুযোগ নেই। কিন্তু ওই পদে আবেদন করে যিনি চাকরি পেয়েছেন, তিনি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সনদ প্রদর্শন করেছেন।

এমনকি ওই বেসরকারি প্রতিষ্ঠানটি তার নিজের বলেও অভিযোগ রয়েছে। এ সনদে তিনি চাকরি পেলেও পরে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট শাখায় বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে তদন্তও হয়। এমনকি দুর্নীতি দমন কমিশনও বিষয়টি নিয়ে তদন্ত করে। এতে ঘটনার সত্যতাও পাওয়া যায়। কিন্তু অজ্ঞাত কারণে বিষয়টি ওখানেই আটকে যায়। এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যুগান্তরের কাছে সংরক্ষিত আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিরায়িত চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক সংকট দূর করতে এবং শিক্ষার মান বাড়াতে উদ্যোগ নেয়া হয়। ২০১৪ সালের ১৮ মে স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির (এইচপিএনএসডিপি) আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) শীর্ষক অপারেশন প্ল্যানের অন্তর্ভুক্ত সহকারী অধ্যাপক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ডিগ্রি ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ৪ বছরের অভিজ্ঞতার কথা বলা হয়। কিন্তু নিয়োগপ্রাপ্ত ডা. আ জ ম দৌলত আল মামুন এএমসি শাখা কর্মকর্তাদের সহযোগিতায় ভুয়া পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সনদ ও অভিজ্ঞতা সনদের মাধ্যমে চাকরি নিশ্চিত করেন।

ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিসিনের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি শুধু বিশ্ববিদ্যালয় দিতে পারে। তাও আবার দেশের কোনো বিশ্ববিদ্যালয় এখনও এ ধরনের কোনো কোর্স চালু করেনি। এ দেশে যাদের এ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তারা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এ ডিগ্রি অর্জন করছেন।

অনুসন্ধানে জানা গেছে, ডা. দৌলত আল মামুনের এ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ছিল না। সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেতে তিনি ‘এইড ফর ইন্টিগ্রেটেড মেডিসিন সোসাইটি অব বাংলাদেশ’-এর সিস্টার কনসার্ন বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টিগ্রেটেড মেডিসিন’ থেকে পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক মেডিসিনের সার্টিফিকেট তৈরি করেন। মূলত ওই প্রতিষ্ঠানটি ৪ বছর মেয়াদি মেডিকেল সহকারী সার্টিফিকেট প্রদান করে থাকে, যা কারিগরি শিক্ষা বোর্ডের নিবন্ধিত (রেজিঃ ঝ-৩৭৭৬(৫৬৫/০০৪)।

এ ছাড়া আবেদনের শর্তানুযায়ী সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেতে শিক্ষকতার ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে তিনি ডা. রহিমা খাতুন স্বাক্ষরিত ৪ বছরের একটি অভিজ্ঞতার সনদ জমা দেন। যার মূল ভিত্তি স্বাস্থ্য অধিদফতরের তৎকালীন পরিচালক ডা. জালাল আহমেদ স্বাক্ষরিত একটি অফিস আদেশ (যার স্মারক স্বাস্থ্য/হোঃদেঃচি/২০০২/অনারারী/৯৫/৬৬৬৫/১(৩))। যা ২০০৯ সালের ২৪ আগস্ট স্বাক্ষরিত হলেও পরবর্তী সময়ে ২০০৯ সালের ৯ নভেম্বর অপর একটি স্মারকে (স্বাস্থ্য/হোঃদেঃচি/২০০২/অনারারি/৯৫/৬৭-৬৭/১(৩)) বাতিল করা হয়।

জানা গেছে, ২০১৬ সালের ১৫ জুন ডা. শাহনাজ শানু দুদক বরাবর একটি অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের তৎকালীন লাইন ডিরেক্টর অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের বিরুদ্ধে এএমসি প্রকল্পে অযোগ্য প্রার্থীদের চাকরি দেয়ার অভিযোগপত্র দেন। অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের ২১ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তিকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে বক্তব্য প্রদানের নির্দেশ দেয়া হয়। এমনকি নির্ধারিত সময়ে উপস্থিত না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

কিন্তু এরপর দীর্ঘদিন এ বিষয়ে আর কোনো তৎপরতা দেখা যায়নি। ২০১৯ সালের ৯ অক্টোবর অধিদফতরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের সাবেক লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান একটি উদ্যোগ গ্রহণ করেন। এক স্মারকে (স্মারক: স্বাঃঅধিঃ/হোমিও ও দেশজ/তদন্ত-২০১৯/৪৩৩৬) শিক্ষাগত যোগ্যতা ও ভুয়া সনদপত্র জমা দেয়া সত্ত্বেও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ দেয়ার অভিযোগ ওঠায় তাকে (ডা. আ জ ম দৌলত আল মামুন) লাইন ডিরেক্টর (এএমসি) অফিসে ডাকা হয়। কিন্তু একইভাবে এই তদন্তও আলোর মুখ দেখেনি।

এ প্রসঙ্গে ডা. আ জ ম দৌলত আল মামুন যুগান্তরকে বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স ইন্সটিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে ইউনানি ও আয়ুবের্দিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়। এ ছাড়া ‘এইড ফর ইন্টিগ্রেটেড মেডিসিন সোসাইটি অব বাংলাদেশ’ থেকে যে সনদ তিনি দিয়েছেন, সেটি একটি প্রশিক্ষণ কোর্স বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে একসময় যুক্ত ছিলেন, তবে এখন যুক্ত নেই। দুদক এবং অধিদফতর থেকে ডাকা হয়েছিল বলেও তিনি নিশ্চিত করেছেন। তবে ভুল তথ্যের ভিত্তিতে তাকে ডাকা হয়েছিল বলে জানান দৌলত আল মামুন।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের (এএমসি) বর্তমান লাইন ডিরেক্টর ডা. মো. আজিজুর রহমান সিদ্দিক যুগান্তরকে বলেন, আমি এই পদে যোগদান করেছি চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। বিষয়টি কেউ আমার নজরে আনেনি। এখন যেহেতু জানতে পেরেছি-এ সংক্রান্ত কাগজপত্র যাচাই করে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানাব। কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।