ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রাম্পের নীতি পরিবর্তনের ঘোষণা * আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় পুতিন * জয়ের পর স্ত্রী-সন্তানের কবরের পাশে বাইডেন

করোনা নিয়ন্ত্রণ প্রথম লক্ষ্য বাইডেনের

নির্বাচন ঘিরে বিভক্ত যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনাভাইরাস মহামারীসহ যেসব সমস্যার মধ্য দিয়ে দেশকে যেতে হচ্ছে, সেসব মোকাবেলার জন্য তিনি পরিকল্পনা নিতে যাচ্ছেন।

এতে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে করোনাভাইরাস মহামারী মোকাবেলা। খবর রয়টার্স, বিবিসি ও সিএনএনের।

২০২১ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। তার শিবির থেকে জানানো হয়- করোনাভাইরাসের পরীক্ষা অনেক বেশি বাড়িয়ে দেয়া হবে এবং মার্কিন নাগরিকদের মাস্ক পরতে বলা হবে।

সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতিমালাগুলো যত দ্রুত সম্ভব সংস্কারের উদ্যোগ নেয়া হবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশকিছু নীতিও বদলে দেয়ার পরিকল্পনা করছেন বাইডেন।

রোববার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বাইডেনের সহ-প্রচার ব্যবস্থাপক কেইট বেডিংফিল্ড বলেন, কাজ এখনই শুরু হতে যাচ্ছে। তিনি জানান, করোনাভাইরাস টাস্কফোর্স চালু করার পরিকল্পনা বাইডেন করেছেন।

সাবেক সার্জন জেনারেল বিবেক মূর্তি এবং খাদ্য ও ঔষধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড ক্যাসলার টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন। এখন পর্যন্ত কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৭ হাজারেরও বেশি লোক মারা গেছেন।

সাম্প্রতিক দিনগুলোয় শনাক্ত রোগীর সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালে দেশটিতে প্রায় এক কোটি লোক চাকরি হারিয়েছেন। এদিকে কেন্দ্রীয় সরকারের ত্রাণ কর্মসূচির মেয়াদও শেষ হয়ে গেছে।

বেডিংফিল্ড আরও জানান, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো সামলাবেন যেসব কর্মকর্তা, তাদের বাছাই করার কাজও শুরু করেছেন বাইডেন ও তার উপদেষ্টারা।

তিনি বলেন, দেশকে ঐক্যবদ্ধ করতে, পরিস্থিতি শান্ত করতে এবং সরকার পরিচালনায় কঠোর পরিশ্রম শুরু করতে বাইডেন একটি নির্দেশনা জারি করতে পারেন।

এদিকে বাইডেন পরিষ্কার জয় পেয়েছেন এবং তার সঙ্গে সহযোগিতা করে কাজ করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ‘দ্য বাইপার্টিজান পার্টনারশিপ ফল পাবলিক সার্ভিসেস সেন্টার ফর প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন’।

বাইডেনের অধীনে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক অথবা সিআইএ’র পরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মাইকেল মোরেল ও আব্রিল হেইন্স প্রধান প্রার্থী হিসেবে সামনে এসেছেন।

মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে- ট্রাম্পের বেশকিছু বিতর্কিত নির্বাহী আদেশ আগের অবস্থানে নেয়ার পরিকল্পনা করছেন বাইডেন। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।

এতে আবারও যোগ দেবে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই সিদ্ধান্ত বদলে দেবেন বাইডেন। যে সাতটি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হবে।

বারাক ওবামার সময়কার কিছু নীতিকে পুনর্বহাল করা হবে। বিশেষ করে শিশু বয়সে যারা কোনো বৈধ কাগজ ছাড়া অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তাদের নাগরিকত্ব দেয়া হবে।

ট্রাম্পের সময়ে বর্ণভিত্তিক বিভেদ বৃদ্ধি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের উত্থান হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাইডেন বর্ণভিত্তিক বৈষম্য উচ্ছেদকে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ভিত হিসেবে তৈরি করতে চান।

তিনি সরকারি তহবিল ব্যবহার করে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে চান।

কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো ও অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে সম্পদের বৈষম্য দূর করতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যাতে আরও জোরালোভাবে কাজ করে, সেটি নিশ্চিত করতে চান।

পুলিশ বাহিনীর জন্যও কিছু পরিবর্তন পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে কোনো অপরাধীকে আটক করার সময় কিছু শক্তি প্রদর্শনের পন্থা। পুলিশ প্রশাসনে সংস্কারের জন্য একটি কমিশন করার কথাও ভাবছেন বাইডেন।

বাইডেনকে অভিনন্দন : বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। স্থানীয় সময় রোববার ফোন করে বাইডেনকে অভিনন্দন জানান তিনি। নির্বাচন সুষ্ঠু এবং এর ফলাফল স্পষ্ট হয়েছে বলে জানান বুশ।

তবে তিনি এও জানান, আইনি পদক্ষেপ নেয়াসহ ভোট পুনর্গণনা চাওয়ার অধিকার রয়েছে ট্রাম্পের। বাইডেনকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বুশ বলেন, যদিও আমাদের রাজনৈতিক পার্থক্য বিদ্যমান।

তবুও আমি জানি, বাইডেন ভালো মানুষই হবেন। তিনি আমাদের দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগটি জয় করে নিয়েছেন। আমি তার সাফল্য কামনা করি এবং যেভাবে পারি, তাকে সহায়তার অঙ্গীকার করছি।

অন্যদিকে হোয়াইট হাউস দখলের জন্য দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় ট্রাম্পকেও অভিনন্দন জানান বুশ। বাইডেনের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সিএনএনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে এখন পর্যন্ত ডেমোক্রেটিক দলের প্রার্থী বাইডেন ৭ কোটি ৫৫ লাখের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প ৭ কোটি ১১ লাখের বেশি ভোট পেয়েছেন।

বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি আরব : জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। বিজয়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পর সৌদি আরবের পক্ষ থেকে বাইডেনকে শুভেচ্ছা জানানো হয়।

রোববার বাইডেন ও কমলাকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান শুভেচ্ছা জানান। সৌদি বার্তা সংস্থা জানায়, দুই বন্ধুত্বপূর্ণ দেশ ও জনগণের মধ্যে বিশেষ, ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন বাদশাহ সালমান।

তিনি বলেন, সবাই এ সম্পর্ককে সব দিক থেকে আরো জোরদার ও উন্নত করতে চায়। ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

আর নির্বাচনী প্রচারে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। আরববিশ্ব যখন বাইডেনকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছিল, সৌদি যুবরাজকে তখন নীরব থাকতে দেখা গেছে।

এখনও নিশ্চুপ পুতিন! : ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে স্বাগত জানাতে কালবিলম্ব করেননি রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। তবে চার বছর পর এবার দেখা গেল ভিন্ন চিত্র।

এবার বাইডেন নির্বাচিত হলেও এখন পর্যন্ত তাকে অভিনন্দন জানাননি পুতিন। যদিও অন্য বিশ্বনেতারা এরই মধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়ে তার প্রশাসনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সমালোচকদের অনেকেই ট্রাম্পকে রাশিয়ার পুতুল বা পুতিনের পছন্দের ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে থাকেন। অন্যদিকে বাইডেন মস্কোর একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

সম্প্রতি তিনি রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। বাইডেনের বিজয়ের খবরে রুশ সংবাদমাধ্যমগুলোরও তেমন আগ্রহ দেখা যায়নি।

বরং বাইডেনকে একজন বার্ধক্যগ্রস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে রুশ মিডিয়া। বাইডেনকে পুতিনের এখনও অভিনন্দন না জানানোর কারণ হিসেবে রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোট গণনার কার্যক্রম এখনও শেষ হয়নি। ফলে বোধগম্য কারণেই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে ক্রেমলিন।

বাইডেনের সঙ্গে কাজ করতে চান বিল গেটস : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও তিনি অভিনন্দন জানান। নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনবেন বলে গেটস আশা প্রকাশ করেন।

কোভিড-১৯ মোকাবেলায় ট্রাম্পের প্রশাসনের নেয়া পদক্ষেপে বিল গেটস বেশ অস্বস্তি বোধ করছিলেন। করোনাভাইরাসের টিকা আবিষ্কার বিষয়ে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন।

এজন্য তিনি অনুদানও দেন। বিশ্ব ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস টুইটবার্তায় বলেন, করোনা মহামারী নিয়ন্ত্রণে আমি যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছি।

একই সঙ্গে তিনি দারিদ্র্যবিমোচন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং বৈষম্য নিরসনে বৈশ্বিক অংশীদারদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করার ওপর জোর দেন।

টুইটবার্তায় বাইডেন ও কমলা হ্যারিসের পাশাপাশি বিল গেটস নির্বাচনী কর্মকর্তা ও ডেমোক্র্যাট পার্টির কর্মীদের নিরলস কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, যারা ‘যুক্তরাষ্ট্রের এক চ্যালেঞ্জিং সময়ে’ রেকর্ড সংখ্যক ভোটারের ভোট প্রদান নিশ্চিত করেছেন তাদের ধন্যবাদ। বিবৃতি দিয়েছেন ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।

ফেসবুক পোস্টে শেরিল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান। তিনি বলেন, কমলা হ্যারিসকে এ অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন। নেতৃত্বের কাচের সিলিং ভেঙে দেয়ার জন্য অভিনন্দন।

ঐতিহাসিক এ মাইলফলক সৃষ্টির জন্য প্রেসিডেন্ট বাইডেনকেও অভিনন্দন।

এদিকে শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শীর্ষ ব্যবসায়িক সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের শুভকামনায় সিক্ত হয়েছেন বাইডেন।

নিউইয়র্কভিত্তিক বহুজাতিক আর্থিক বিনিয়োগ ব্যাংক ও অর্থবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগ্যানের প্রধান নির্বাহী জেমি ডিমন এক টুইটে বলেন, এখন আমাদের ঐক্যের সময়।

আমাদের অবশ্যই নির্বাচনের ফলাফলকে সম্মান করতে হবে। প্রতিটি নির্বাচনের মতোই ভোটারদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার উত্তরণকে সমর্থন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা তখনই শক্তিশালী দেশ, যখন আমরা পরস্পরের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করি। একটি সাধারণ লক্ষ নিয়ে প্রতিশ্রুতি ভাগ করে নিই।

আমাদের বৃহত্তর চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হই। আমাদের রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, দেশ গড়ার ক্ষেত্রে সবাই এক। এটাই অন্য দেশ থেকে মার্কিনদের আলাদা করেছে।

শিল্পগ্রুপের নেতারাও নবনির্বাচিত প্রশাসনের কাছে তাদের সমর্থনের কথা জানাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রব নিকোলস বলেন, অ্যাসোসিয়েশনের সব সদস্য অর্থনীতিকে শক্তিশালী করতে, সুযোগ বাড়ানোর জন্য এবং সব মার্কিন নাগরিকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাইডেন প্রশাসন ও আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, পুনরুদ্ধারের উৎসাহ দেয়ার জন্য আরও কিছু করা উচিত। ইউএস চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী থমাস জে ডোনহু বলেন, শিল্পগোষ্ঠী জনস্বাস্থ্য পুনরুদ্ধার করতে, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং মার্কিন নাগরিকদের জীবন ও সম্প্রদায়ের পুনর্গঠনে সহায়তা করতে বাইডেন প্রশাসন ও নেতাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।

স্ত্রী-সন্তানের কবরের পাশে বাইডেন : রোববার ডেলওয়ার রাজ্যের উইলমিংটনে নিজের বাড়িতে কাটিয়েছেন বাইডেন। বাড়ির পাশের গির্জায় তিনি প্রার্থনা করেছেন।

এরপর তার জীবনে বয়ে যাওয়া ক্ষত স্মরণ করতে বাড়ির পাশে কবরস্থানে যান তিনি। সেখানে সমাহিত প্রথম স্ত্রীকে তিনি স্মরণ করেন। একই কবরস্থানে সমাহিত বাইডেনের এক ছেলে ও এক মেয়ে। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করেন।