ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর বেতন পাচ্ছেন না ৩৫৯ কর্মচারী

এক বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৩৫৯ কর্মচারী। তাই বেতন-ভাতার দাবিতে আগামী রোববার ফাউন্ডেশন অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দৈনিক ভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সমিতির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. মিলন সেখ, খাদিজা ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন সরকারি অর্থে পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের একটি অনুকরণীয় মডেল। এখানকার শ্রমিক-কর্মচারীদের নিরলস পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। কিন্তু একটি অশুভ চক্রের কারণে ৩৫৯ কর্মচারী এক বছর ধরে বেতন ভাতা পাচ্ছেন না। অথচ অডিট অফিসারদের ক্ষেত্রে বিভিন্ন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বেতন-ভাতা বন্ধ হয়নি।

তারা আরও বলেন, যাদের এক বছর যাবত বেতন ভাতা বন্ধ করে রাখা হয়েছে তাদের এই চাকরিটিই পরিবার-পরিজন নিয়ে চলার একমাত্র অবলম্বন। দীর্ঘদিন বেতন-ভাতা বন্ধ থাকায় ধারদেনা করে চলে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন সবাই।