ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজারে জিহাদিদের নৃশংসতা, ১৩৭ জনকে হত্যা

আফ্রিকার দেশ নাইজারের একাধিক গ্রামে জিহাদিরা নৃশংস তাণ্ডব চালিয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৭ গ্রামবাসী। এটিকে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দেশটির সবথেকে বড় জিহাদি হানা। সরকারি মুখপাত্র জানিয়েছেন, জিহাদি বাহিনীগুলোর নির্মম আক্রমণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।

খবরে জানানো হয়, প্রথমে সরকারের তরফ থেকে নিহতের সংখ্যা ৮০ বলা হলেও পরে জানানো হয় কমপক্ষে ১৩৭ জনকে হত্যা করেছে জিহাদিরা। স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, মালি সীমান্তের কাছের গ্রামগুলিতে সশস্ত্র বাহিনী এসে নির্বিচারে গুলি চালিয়েছে। গুলি চালানোর সময় তারা কোনো বাছবিচার করেনি। সরকার এই নৃশংসতার নিন্দা জানিয়েছে।
তিনদিন জাতীয় শোক পালন করার ঘোষণা দেয়া হয়েছে। একইসঙ্গে এই এলাকায় আরো নিরাপত্তা বাহিনী পাঠানো হবে। যারা এই আক্রমণ করছে, তাদের শাস্তি দেয়া হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে।