ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৫

ইসরায়েলের চালানো মুহূর্মুহ বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫। তার মধ্যে ১৬ জন শিশু ও ৫ জন নারী রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলের চালানো হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৩৬৫ জন। তার মধ্যে ৮৬ শিশু ও ৩৯ নারী রয়েছে।

এদিকে ইসরায়েলে হামাসের চালানো রকেট হামলায় ৬ জন নিহত হয়েছে। তার মধ্যে একজন ইসরায়েলি সৈন্যও রয়েছে। এই প্রথম হামাসের চালানো হামলায় কোনো সৈন্যের মৃত্যু হলো। হামাসের রকেট হামলায় কমপক্ষে ১০০ ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে এ পর্যন্ত ১ হাজার ৫০০ রকেট ছুড়েছে হামাস।

এদিকে গাজায় অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তার মধ্যে রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স ও সিকিউরিটি বিল্ডিং। রয়েছে বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমের অফিস।

ইসরায়েলি হামলায় হামাসের গাজা শহরের কমান্ডার বাসেম ইসা তার গ্রুপের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যসহ মারা গেছেন।