ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরো প্রায় ১২ হাজার মৃত্যু

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১১ হাজার ৮৯১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৩৭ হাজার ৭৬ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৮৮ জন। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১ লাখ ১৯ হাজার ৩৬৪ জনে।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৩৭৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৮ হাজার ৯৫৬ জন মারা গেছেন।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ১৭১ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৩ লাখ ২২ হাজার ৩৮৪ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৯ হাজার ২৯০ জন, রাশিয়ায় এক লাখ ২০ হাজার ৪০৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৭৬৮ জন, ইতালিতে এক লাখ ২৫ হাজার ৯১৯ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।