ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর মিলি হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেছে। এখনও মামলায় কোনো কুল-কিনারা হয়নি। অবশেষে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।
গত ৫ আগস্টে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
ওসি তানভীরুল জানান, মামলার নিখুঁত তদন্তের স্বার্থে সিআইডি মামলা হস্তান্তর চায়। আমরা তাদের কাছে মামলাটি হস্তান্তর করেছি।
তবে এতদিনে মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি (ওসি) এড়িয়ে যান।
এর আগে, ঘটনার ২ দিন পর ১০ জুলাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন ঠাকুরগাঁও সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) নির্মল কুমার রায়।
মামলায় বলা হয়, গৃহবধু সান্তনা রায় ওরফে মিলি চক্রবর্তীকে কে বা কাহারা হত্যা করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার মরদেহ তাঁতিপাড়াস্থ বাটা শোরুম এবং নির্মাণাধীন ভবনের মাঝে সরু গলিতে ফেলে রাখে এবং প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়ার পর মৃতের আত্মীয় স্বজনদেরকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়। কিন্তু তারা অভিযোগ দিতে অস্বীকৃতি জানায়।
মামলার বাদী এসআই নির্মল কুমার রায় বলেন, গৃহবধু সান্তনা রায় ওরফে মিলি চক্রবর্তীর লাশ উদ্ধারের ঘটনাটি আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। মনে হয়েছে কে বা কাহারা তাকে হত্যা করেছে এবং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য লাশ ঐ দুই বিপণিবিতানের মাঝখানের সরু গলিতে ফেলে রেখেছে। তাই সত্য ঘটনা উদঘাটনের জন্যই মামলাটি করেছি।
পারিবারিক সূত্রে জানা যায়, শহরের এক ব্যক্তি মিলি চক্রবর্তীর ফেসবুক একাউন্টে কিছু অপ্রীতিকর মেসেজ পাঠানোকে কেন্দ্র করেই ঝামেলার শুরু হয়। ঘটনার দুইদিন আগে সেই মেসেজ গুলো মিলির বড় মেয়ে দেখতে পেয়ে বাসার অন্যান্য সদস্যদের জানান।
এই ঘটনার সাথে মিলির হত্যাকাণ্ডের কোন সূত্র থাকতে পারে জেনেও সম্মানের ভয়ে মিলির পিতার পরিবার থেকেও কোন মামলা করা হয়নি বলে জানা যায়।
এদিকে, যে কোনো উপায়ে মিলি হত্যাকাণ্ডের সঠিক রহস্য বের করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি স্থানীয়দের।
ঠাকুরগাঁও সুশাসনের জন্যে নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, এক মাসেও ঘটনাটির কোন অগ্রগতি না হওয়া বেশ দুঃখজনক। এতোদিনে পুলিশ কাউকে গ্রেফতার দেখাতে পারেনি। শহরের মাঝে ঘটে যাওয়া এমন একটি চাঞ্চল্যকর ঘটনার সঠিক রহস্য উদঘাটন না হলে এলাকার দুষ্কৃতিকারীরা প্রশ্রয় পাবে।
ঠাকুরগাঁওয়ের সিআইডি কর্মকর্তা ইন্সপেক্টর তাজ উদ্দিন জানান, আমরা ঘটনার পর থেকেই বিষয়টি নজরে রেখেছিলাম। সঠিক একটি তদন্ত প্রতিবেদনের স্বার্থে মামলাটির দায়িত্ব নিয়েছে সিআইডি। আশা করি দ্রুতই এর সঠিক রহস্য বেরিয়ে আসবে।
উল্লেখ্য যে, গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কের পাশে, নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তী নামে এক নারীর মরাদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মিলি চক্রবর্তী (৪২) শহরের তাতীপাড়া এলাকার সমীর কুমারের স্ত্রী।