রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে, গতকাল মঙ্গলবার মামলার বাদী নুসরাত জাহান তানিয়া এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবীরা এই প্রতিবেদন গ্রহণের জন্য শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বুধবার আদালত বাদীর নারাজির আবেদন গ্রহণ না করে এ মামলা থেকে আনভীরকে অব্যাহতি দেন।
এদিকে, গত ১৯ জুলাই তদন্ত কর্মকর্তা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এ মামলা থেকে আনভীরের অব্যাহতির চেয়ে আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের ওপর শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।
এর আগে, গত ২৬ এপ্রিল সন্ধ্যার পর গুলশান-২-এর ১২০ নম্বর রোডের ১৯ নম্বর ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা দায়ের করেন।