ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ৩৫ লাখ ফাইজার ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের আরো ৩৫ লাখ ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
১২ বছর বা এর বেশি বয়সী তরুণদের প্রতিষেধক দিতে দেশের নতুন অভিযানে সহায়তার জন্য এ অনুদান দেওয়া হয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার আশা প্রকাশ করে বলেছেন, এ সহায়তার ফলে তরুণরা, বিশেষ করে ছাত্ররা, কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনা এবং সামাজিক জীবন আরো সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে সক্ষম হবে।

‘১২ বছর বা তার বেশি বয়সের তরুণদের নিরাপদে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি,’ মার্কিন রাষ্ট্রদূত যোগ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বশেষ চালানসহ এখন পর্যন্ত বাংলাদেশকে ১৫ কোটি ডোজ টিকা দান করেছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে মার্কিন সরকারের কোভিড-১৯ সহায়তা মোট ১২১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োটেক কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দেয়।

মার্কিন মিশন বলছে, এই ভ্যাকসিন বিতরণ যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। যুক্তরাষ্ট্র ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে বিনামূল্যে এক বিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন বিতরণ করে বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিক্রিয়ায় নেতৃত্ব দেবে।