ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধারের টাকা ফেরত না দিতে সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুন: র‌্যাব

বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শাহীদের কাছ থেকে ধার নেওয়া ১২ লাখ টাকা ফেরত না দিতে তাকে খুন করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, জাকির হোসেন এ হত‌্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি আনোয়ার শাহীদকে খুন করে দিনাজপুরে পালিয়ে যান।

সোমবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ঘটনার পর সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। এরপরই মূলত জাকিরসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা।’

উল্লেখ‌্য, গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তার মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আনোয়ার শাহীদ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বাসা মিরপুর হলেও একজন ফোন করলে তিনি কল্যাণপুর যান। শ্যামলী হানিফ কাউন্টার পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।