ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান ফেরাতে রাষ্ট্রপক্ষের আপিল

সরকারি কর্মচারীরা ফৌজদারি অপরাধ করলেও তাদের গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ এ আপিল করে। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২৫ আগস্ট সরকারি কর্মচারীরা ফৌজদারি অপরাধ করলেও তাদের গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা সংক্রান্ত আইনের ৪১ (১) ধারাটি সংবিধান পরিপন্থি বলে তা বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিধান সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলেন আদালত।

গত বছরের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ঐ রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন উচ্চ আদালত।