ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বৈঠক, ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আনুষ্ঠানিকভাবে একক প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা মিত্র রাজনৈতিক দলগুলোকেও কিছু আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ প্রেক্ষাপটে প্রার্থী এবং মনোনয়ন না পাওয়া নেতাদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের সম্ভাব্য প্রার্থী এবং সংশ্লিষ্ট জেলা ও মহানগর নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। আজ সোমবার দ্বিতীয় দিনে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন—মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হবে না, তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ঘটলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন বৈঠকে বক্তব্য রাখেন। বৈঠক পরিচালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমান বৈঠকে আবেগপ্রবণ হয়ে নেতাদের উদ্দেশে বলেন, “যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সকলে মাঠে কাজ করবেন। কেউ যেন সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ বা মিষ্টি বিতরণ না করেন, যাতে অন্যদের মনে কষ্ট না হয়।” তিনি একটি গল্পের মাধ্যমে দলকে সন্তানের সঙ্গে তুলনা করে নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে প্রায় ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা জানান, তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যন্ত নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এখন থেকে ব্যক্তিগত প্রচারের পরিবর্তে দলীয় পতাকা হাতে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়নপ্রত্যাশী তারিকুল আলম তেনজিং বলেন, “আমাদের সবাইকে স্পষ্টভাবে জানানো হয়েছে—দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে কাজ করব। ঐক্য বজায় রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থাকব।”

আজকের বৈঠকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন তারেক রহমান।