রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সোমবার (২৭ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।
সকাল থেকেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। জানাজার সময় আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার দুই শিশুসন্তানকে কোলে নিয়ে কফিনের পেছনে ছুটে যান। স্বজনরা তাকে থামানোর চেষ্টা করেও শান্ত করতে পারেননি।
কান্নাজড়িত কণ্ঠে আইরিন বলেন, “গতকাল সকালে সে অফিসে যাচ্ছিল। দরজায় দাঁড়িয়ে বিদায় দিলাম। জানি না কেন তখন বুকটা ভারী লাগছিল। এখন বুঝি, সেটাই ছিল শেষ দেখা। দুই শিশুসন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াব? কে আমাদের পাশে থাকবে?”
আবুল কালামের বড় ভাবি আসমা বেগম জানান, “ওকে সন্তানস্নেহে মানুষ করেছি। গতকাল ফোন করে বলেছিল, বৃহস্পতিবার আসবে। বলেছিল ‘ভাবি, কিছু ইলিশ কিনে রেখো’। কিন্তু বৃহস্পতিবারের আগেই এলো তার লাশ।”
স্থানীয় বাসিন্দা নাঈম চোকদার বলেন, “কালাম ভাই খুব ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।”
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম খান জানান, “দাফনের সব কার্যক্রম প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।”
৪০ বছর বয়সি আবুল কালাম নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ঢাকায় যাতায়াত করতেন। রোববার দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিলার থেকে একটি ভারী বিয়ারিং প্যাড খুলে পড়ে তার ওপর, ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।