দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারে স্পষ্ট রাজনৈতিক রূপরেখার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া ই-মেইলভিত্তিক সাক্ষাৎকারে নেত্রীর বক্তব্যে প্রত্যাবর্তন আন্দোলনের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের শাপুরজিতে দলটির শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন, যেখানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে নেতারা আশা করেছিলেন, শেখ হাসিনা একটি জোরালো বার্তা দিয়ে দলকে চাঙা করবেন। কিন্তু তার বক্তব্যে ‘হুংকারের’ অভাব এবং দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা নেতাদের হতাশ করেছে।
শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন, তিনি দিল্লিতে ‘মুক্ত অবস্থায়’ রয়েছেন এবং পরিস্থিতি স্থিতিশীল না হলে দেশে ফিরতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার মতে, এই বক্তব্য দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে।
বৈঠকে নেতারা প্রশ্ন তোলেন, “আর কতদিন বসে থাকব?” নিষেধাজ্ঞার মুখে থাকা দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মীরা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। কেউ কেউ মত দেন, যদি নেত্রী কার্যকর নেতৃত্ব দিতে না পারেন, তবে বিকল্প নেতৃত্ব বিবেচনা করা উচিত।
ওবায়দুল কাদেরও বৈঠকে দলের সংকট তুলে ধরে হতাশা প্রকাশ করেন। আলোচনায় দলের অভ্যন্তরে বিভাজনের ইঙ্গিতও পাওয়া যায়।
শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন, তিনি কেবল একটি বৈধ সরকারের অধীনে দেশে ফিরবেন, যেখানে সংবিধান সুরক্ষিত থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো সরকার গঠিত হয়, সেই সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না।
তবে সাক্ষাৎকারে তিনি ঢাকায় ফেরার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন, যা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতা ও দলের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তার ওপর।
বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ থাকায় দলটি আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বয়কট করবে বলেও তিনি জানিয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে।