ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হামলাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দেন।
মির্জা ফখরুল বলেন, “বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তারা মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ। এটি সঠিক নয় এবং এ ধরনের হিংসার পথ কারও জন্য কাম্য নয়।”
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার বাসায় যে মহিলা রান্না করেন, তার বাড়িও আগুনে পুড়ে গেছে। দরিদ্র মানুষের জন্য এটি চরম আঘাত। সরকারের কাছে দাবি করবো ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।”
প্রসঙ্গত, বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা জজ আদালত চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হন। এসময় ‘তৌহিদী জনতা’ পরিচয়ে একদল লোক তাদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। পরে তারা মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে।
হামলাকারীরা দাবি করে, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে হামলার শিকার বাউল শিল্পীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে মানিকগঞ্জেও বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে, যা দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের জন্ম দেয়।