দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬। একই দিনে ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এই তফসিল ঘোষণা করেন।
সিইসি তার বক্তব্যে তফসিলের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছেন। নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখের মাধ্যমে শুরু হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এছাড়া, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর। আপিল নিষ্পত্তির সময়কাল: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি। প্রচারণা শুরুর সময়কাল: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
সিইসি জানান, নির্বাচনী প্রচারণা চলবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। দেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে এই ভাষণ সম্প্রচার করা হয়।