বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীজুড়ে নজিরবিহীন ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত পুরো রুট ১২ ঘণ্টা গোয়েন্দা নজরদারিতে থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর, ৩০০ ফিট রোড এবং এভারকেয়ার হাসপাতাল এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সাদা পোশাকে ডিবির প্রায় ২০০ সদস্যের একটি বিশেষ দল সার্বক্ষণিক কনভয়ের সাথে অবস্থান করবে।
সম্ভাব্য স্নাইপার হামলা ও নিরাপত্তার ঝুঁকি বিশ্লেষণ করে সংবর্ধনা মঞ্চের স্থান অন্তত ৭ বার পরিবর্তন করা হয়েছে। সড়ক থেকে ১৫ ফুট উচ্চতার এই বিশেষ মঞ্চে চারদিকে বুলেটপ্রুফ কাঁচের বেষ্টনী স্থাপন করা হয়েছে। গ্রেনেড হামলার ঝুঁকি এড়াতে দর্শক সারি থেকে মঞ্চের দূরত্বও নির্দিষ্ট করা হয়েছে।
সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড, বিজিবি, র্যাব এবং পুলিশের সমন্বয়ে গঠিত এই নিরাপত্তা চাদরে সুউচ্চ ভবনগুলোতেও অবস্থান নিয়েছেন শার্প শুটাররা। এছাড়া দলীয় ১০ হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে সমন্বয় সভায় জানানো হয়, বিমানবন্দরের ‘রেড জোন’ ও সংবর্ধনা স্থলের জন্য আলাদা নিরাপত্তা পাশ ইস্যু করা হয়েছে। কোনো প্রকার ব্যাগ বা লাঠি বহন করে সমাবেশস্থলে প্রবেশ করা যাবে না।