ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির খুনিরা বিদেশে পালালেও রেহাই পাবে না: নৌ উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাইরে পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচন করা হবে এবং চলতি মাসের মাঝামাঝি সময়ে তদন্তের পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’ নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, হাদি এখন আর কেবল একটি নাম নয়, তিনি বিশ্বব্যাপী বিপ্লবীদের অনুপ্রেরণা। তার জন্মস্থানের মানুষের দাবির প্রেক্ষিতেই এই লঞ্চঘাটটি তার নামে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে শহীদ হাদির বোন মাছুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, হাদির মাথায় গুলি করা মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত করা। তিনি জানান, ফ্যাসিস্ট শাসনের ১৭ বছর হাদি ‘সীমান্ত শরিফ’ ছদ্মনামে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

ফলক উন্মোচনকালে ইনকিলাব মঞ্চের কর্মী ও স্থানীয়রা ব্যানার হাতে হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। উপদেষ্টা তাদের আশ্বস্ত করে বলেন, সরকার এই বিচার প্রক্রিয়ায় কোনো আপস করবে না।