ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র উপহার দিতে সামর্থ্যবানদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মানবিক উদ্যোগের কথা জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দেশের অনেক মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। এই পরিস্থিতিতে সামর্থ্যবানরা সহানুভূতির হাত বাড়িয়ে দিলে লাখো মানুষের শীত কাটবে স্বস্তিতে। তিনি অন্তত একটি করে নতুন শীতের পোশাক অথবা নিজের ব্যবহৃত ভালো মানের অতিরিক্ত কাপড় প্রতিবেশী সুবিধাবঞ্চিতদের উপহার দেওয়ার অনুরোধ জানান।

জামায়াত আমির তার আহ্বানে আরও বলেন, ব্যক্তিগত এই মানবিক দায়িত্ব পালনের পর সংশ্লিষ্টরা চাইলে তা জানাতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে কতজন মানুষের সহায়তা হলো, তা পরবর্তীতে দেশবাসীকে জানানো হবে। সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।