ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাস হত্যা: কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার ৩

শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশ এজেন্ট খোকন দাসকে (৫০) কুপিয়ে ও পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— সোহাগ, রাব্বি ও পলাশ। কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের কেহরভাঙ্গা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। বাড়ির নিকটবর্তী তিলই এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে হামলাকারীদের চিনে ফেলায় তারা খোকনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মৃত্যুর আগে ভিকটিম হামলাকারী হিসেবে এই তিন আসামির নাম বলে গিয়েছিলেন। গ্রেপ্তারকৃতরা এলাকায় বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।