ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীদের মতো জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ (পার্প ওয়াক) একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-এর নিউইয়র্ক বিভাগীয় কার্যালয়ে ধারণকৃত এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সিএনএন।
ভিডিওটিতে দেখা যায়, কালো রঙের একটি হুডি পরিহিত অবস্থায় মাদুরো একটি করিডর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডরের মেঝেতে থাকা নীল কার্পেটে ‘ডিইএ এনওয়াইডি’ (DEA NYD) লেখা দেখা যায়, যা যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে। ‘র্যাপিড রেসপন্স ৪৭’ নামক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল ‘পার্প ওয়াক’।
ভিডিওর একপর্যায়ে দেখা যায়, করিডর দিয়ে হাঁটার সময় মাদুরো সেখানে উপস্থিত এক ব্যক্তিকে ‘শুভ নববর্ষ’ বলে সম্ভাষণ জানাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকৃত কারাকাস অভিযানের পর মাদুরোকে আটকের এই দৃশ্য প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কূটনৈতিক মহলে এই ভিডিওর সত্যতা ও প্রভাব নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।