ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার নির্দেশদাতা সাবেক কাউন্সিলর বাপ্পী, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিল ডিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে মূল নির্দেশদাতা হিসেবে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নাম প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ বিরোধী কঠোর রাজনৈতিক অবস্থানের কারণেই হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই মামলার তদন্ত শেষে ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জন বর্তমানে গ্রেপ্তার আছেন এবং ৫ জন পলাতক রয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওবার্তা পাওয়া গেলেও তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ মিলেছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বিজয়নগর এলাকায় হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই যুবক। দীর্ঘ লড়াই শেষে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিবি প্রধান আশ্বস্ত করেছেন যে, পলাতক ৫ আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনা হবে।