মাঠ পর্যায়ের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বদলি হওয়া এই কর্মকর্তারা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছেন। এখন থেকে তারা ছয় মাসের জন্য মাঠ পর্যায়ের বাস্তব প্রশিক্ষণে (ইন-সার্ভিস ট্রেনিং) নিযুক্ত থাকবেন।
পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি)-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এই আদেশ কার্যকর করেছে পুলিশ প্রশাসন।
নির্দেশনা অনুযায়ী, এই শিক্ষানবিশ কর্মকর্তারা তাদের নির্ধারিত নতুন কর্মস্থল থেকেই বেতন ও আনুসাঙ্গিক ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।