তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি থেকে নিবন্ধিত ভোটাররা এই পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসি জানিয়েছে, প্রবাসে থাকা বাংলাদেশি ভোটার, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এই পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ভোটারদের দেওয়া ঠিকানায় ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে ভোটারদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে, ব্যালট হাতে পাওয়ার পর নিজ দায়িত্বে তা সংগ্রহ করতে হবে এবং ২১ জানুয়ারির পর নির্ধারিত অ্যাপে লগইন করে ভোট দিতে হবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার বিশ্বের ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। এছাড়া অভ্যন্তরীণভাবে সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরাও এই তালিকায় রয়েছেন। এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক ভোটারের জন্য ডিজিটাল ও পোস্টাল ব্যবস্থার সমন্বয় করায় পুরো প্রক্রিয়াটি নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কমিশন আশা করছে, এর মাধ্যমে ভোটের হার ও স্বচ্ছতা উভয়ই বৃদ্ধি পাবে।