আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রায় ৭ লাখ ৭১ হাজার ভোটারের এলাকা পরিবর্তন বা স্থানান্তর নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বিএনপি এই বিপুল সংখ্যক স্থানান্তরকে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার ‘কূটকৌশল’ ও ‘অস্বাভাবিক’ বলে দাবি করলেও নির্বাচন কমিশন (ইসি) একে নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।
ইসি সূত্রে জানা গেছে, এবার ভোটার স্থানান্তরের জন্য সারাদেশে ৮ লাখ ৪ হাজার আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ৭ লাখ ৭১ হাজার আবেদন মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার ২০টি আসনেই স্থানান্তর করা হয়েছে ৫০ হাজার ৯৯২ জন ভোটারকে। সবচেয়ে বেশি স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে ১ লাখ ৫ হাজার ৫৪৩ জন এবং ঢাকা অঞ্চলে ৮৬ হাজার ৮২৫ জন। অন্যদিকে সিলেট অঞ্চলে সবচেয়ে কম ২৭ হাজার ৫৭৬ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
এই পরিসংখ্যানকে ঘিরে আপত্তি তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, একটি হোল্ডিং নম্বরে যেখানে ৫ জনের বেশি থাকার কথা নয়, সেখানে ২০-২৫ জন ভোটার থাকার তথ্য তাদের কাছে এসেছে। তিনি বলেন, “ইসিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা তাদের জবাবে সন্তুষ্ট নই। ভোটার মাইগ্রেশনের নামে ভুয়া ভোটারদের তালিকায় ঢোকানো হয়েছে।” এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেছিলেন, নির্দিষ্ট কোনো প্রার্থীকে জেতাতে বাইরে থেকে ভোটার ঢাকায় আনা হচ্ছে।
তবে বিএনপির এই অভিযোগকে পাত্তাই দিচ্ছে না জামায়াতে ইসলামী। ইসির সাথে বৈঠকের পর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জনগণের বিপুল সমর্থন দেখে একটি দল (বিএনপি) অস্থির ও ভীত হয়ে পড়েছে। তাই তারা এসব অবান্তর অভিযোগ করছে।”
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর দাবি করেছেন, ভোটার স্থানান্তর একটি বছরব্যাপী প্রক্রিয়া। গত চার বছরে ২১ লাখেরও বেশি ভোটার এলাকা পরিবর্তন করেছেন। সেই তুলনায় বর্তমান সংখ্যাকে কোনোভাবেই ‘অস্বাভাবিক’ বলা চলে না।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।