ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
উচ্চপর্যায়ের সফরের অপেক্ষায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া তিস্তা চুক্তি হবে না

এবার চীন মোকাবেলায় মোদির দৃষ্টি অন্যত্র

কৌশলগত কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার তাঁর প্রথম বিদেশ সফরে মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. এস জয়শঙ্কর প্রথম বিদেশ সফরে গেছেন ঐতিহাসিকভাবে মিত্র ভুটানে। পাঁচ বছর আগে মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে গিয়েছিলেন ভুটান। অন্যদিকে তাঁর সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে প্রথম একক সফরে এসেছিলেন বাংলাদেশে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, এটি বাংলাদেশের প্রতি ভারতের গুরুত্বের বহিঃপ্রকাশ।

এবার একই ধরনের কথা বলা হচ্ছে প্রতিবেশী অন্য দেশগুলোর ক্ষেত্রে। যেমন—পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভুটান সফর সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইট বার্তায় বলেছেন, এই সফর দিয়ে ভারতের কাছে তার উত্তরের প্রতিবেশী ভুটানের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

একইভাবে মোদির মালদ্বীপ সফর সম্পর্কে ভারত-মালদ্বীপ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ জুন দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির প্রথম সফরে মালদ্বীপে যাওয়ার মধ্য দিয়ে দুই দেশের বিশেষ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

ভারতীয় একজন সাবেক রাষ্ট্রদূত এম কে ভদ্রকুমার টুইট বার্তায় বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতিতে ঐতিহ্যগতভাবে উত্তরের দেশগুলোর দিকে বিশেষ দৃষ্টি নিবদ্ধ থাকে। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মোদির প্রথম সফরের জন্য মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে বাছাই করা থেকে ক্রমেই ধারণা জন্মাচ্ছে যে ভারতের দৃষ্টি ভারত মহাসাগরীয় এলাকার দিকে।

নয়াদিল্লিতে প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) ‘নেইবারহুড রিজিওনাল স্টাডিজ ইনিশিয়েটিভের’ সিনিয়র রিসার্চ ফেলো জয়িতা ভট্টাচার্য গতকাল রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, মালদ্বীপ সফরের মধ্য দিয়ে ভারত তার এমন প্রতিবেশীর সঙ্গে নতুন করে যোগাযোগ বিস্তৃত করল, যে বিমসটেকের বাইরে আছে। মালদ্বীপ ও শ্রীলঙ্কা—দুই দেশই ভারত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর ও ইন্দো-প্যাসিফিকে ভারতের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ভারত ‘প্রতিবেশীই প্রথম’ নীতিকে অগ্রাধিকার দিচ্ছে। তবে ভারতের বৈশ্বিক লক্ষ্যও আছে। এ কারণে ভারতকে প্রতিবেশীদের পাশাপাশি ভারত মহাসাগরীয় দেশগুলোর দিকেও তাকাতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদ্বীপ ও ভুটান সফরকে সেই প্রেক্ষাপট থেকেই দেখা উচিত।”

কূটনৈতিক সূত্রগুলো জানায়, কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নয়াদিল্লির অনেককেই উদ্বিগ্ন করেছে। বিশেষ করে মালদ্বীপ ও শ্রীলঙ্কায় চীনের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক বা কৌশলগত প্রতিযোগিতা তথা লড়াই ছিল স্পষ্ট। সেখানে ভারত আবারও তার প্রভাব ফিরে পেয়েছে।

মালদ্বীপের পার্লামেন্টের ৮৬ বছরের ইতিহাসে দ্বিতীয় বিদেশি রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান হিসেবে মোদি গত শনিবার সেখানে ভাষণ দেওয়ার সুযোগ পান। মোদি তাঁর ভাষণে বলেছেন, ‘ভারত ও প্রত্যেক ভারতীয় নাগরিক গণতন্ত্র শক্তিশালীকরণে মালদ্বীপের পাশে থাকবে।’

মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ ঘোষণা করেছেন, মালদ্বীপের পররাষ্ট্রনীতিতে ‘ভারতই প্রথম’।

নরেন্দ্র মোদি ও ইবরাহিম মোহাম্মদ সলিহ ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্বের পাশাপাশি সমুদ্র এলাকার নিরাপত্তা জোরদারে সমন্বিত পাহারা, আকাশ থেকে নজরদারি, তথ্য বিনিময় ও সক্ষমতা সৃষ্টির ব্যাপারে একমত হয়েছেন।

ভারতের কাছে মালদ্বীপের মতো শ্রীলঙ্কারও স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক। ২০১৫ সালে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের আগের কয়েক বছরে তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সরকারের সঙ্গে চীনের ক্রমবর্ধমান স্ট্র্যাটেজিক সম্পর্কও নয়াদিল্লির বিভিন্ন মহলকে উদ্বিগ্ন করেছিল। তবে বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনার সরকারের সময় শ্রীলঙ্কায় চীনের প্রভাব কিছুটা হলেও কমেছে বলে ধারণা করা হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মালদ্বীপ ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত জোরালো, স্থিতিশীল ও সুসংহত। ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দলের জয়ের ইঙ্গিত স্পষ্ট হওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফোন করে ও বার্তা পাঠিয়ে অভিনন্দন এবং বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

গত ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যোগ দিয়েছেন। তিনিও মোদিকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মোদি তা গ্রহণ করেছেন এবং উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে সফরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট কূটনীতিকরা জানিয়েছেন, তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীও মনে করেন চুক্তিটি হওয়া প্রয়োজন। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চুক্তির বিষয়ে রাজি না হলে এটি সই করতে পারছে না দিল্লি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক কালের কণ্ঠকে বলেন, ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের শিগগিরই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় চীনের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক প্রতিযোগিতা একটি উপাদান হতে পারে। তবে এখানে আরো অনেক উপাদান আছে, যেগুলোর ভিত্তিতে তাঁরা তাঁদের সফরসূচি সাজিয়েছেন। তিনি বলেন, তাঁদের দিক থেকে যা গুরুত্বপূর্ণ বা যেখানে সম্পর্ক বৃদ্ধির সুযোগ আছে বলে মনে করেছেন, সেখানেই তাঁরা গেছেন।