লাগাতার দরপতনে টালমাটাল হয়ে পড়েছে দেশের শেয়ারবাজার। প্রতিনিয়তই কমছে সূচক, আর হারিয়ে যাচ্ছে বাজার মূলধন। এতে করে লোকসানের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা।
গত কয়েক মাস ধরে বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দফা দাবিও পেশ করেছেন। তবুও কিছুতেই স্বাভাবিক হচ্ছে না শেয়ারবাজার।
এ অবস্থায় বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে, দেশের শেয়ারবাজার কি আবারো ২০১০ সালের মতো মহাধসের দিকে এগিয়ে যাচ্ছে? গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় ধরনের পতন ঘটেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩ পয়েন্টে। যা ডিএসইতে ২ বছর ৬ মাস ২০ দিন বা ৬২২ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।
এর আগে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর এর চেয়ে কম পয়েন্টে অবস্থান করছিল সূচক। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ২৭ পয়েন্টে।
গতকাল ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৭ ও ১ হাজার ৭৯৯ পয়েন্টে।
সূচকের এই বড় ধরনের পতনে একদিনেই বিনিয়োগকারীদের প্রায় ৫ হাজার কোটি টাকা হারিয়ে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৫ পয়েন্টে।
গতকাল ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬১টির বা ১৭ শতাংশের। অপরদিকে ২৭৩টি বা ৭৮ শতাংশের দর কমেছে।
আর ১৮টি বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৪২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর।
গতকাল লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৩১৫ কোটি টাকা। আগের কার্যদিবসের লেনদেন শেষে এটা ছিল ৩ লাখ ৮২ হাজার ২৮৭ কোটি টাকা।
অর্থাৎ একদিনের ব্যবধানেই বাজার থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেছে। গতকাল ডিএসইতে ৩৬৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, ২০১০ ও ১৯৯৬ সালে শেয়ারবাজারে কারসাজিকারীরাই এখন আবার সক্রিয় হয়ে উঠেছে। তারাই নানাভাবে চক্রান্ত করে ফায়দা লুটছে।
এসব কারসাজিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করলেও নিয়ন্ত্রক সংস্থা বা সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে তারা আরও বেশি সাহসী হয়ে উঠেছে।
এ অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগসহ পুরো কমিশনকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা অসহায় হয়ে পড়েছেন।
তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এর আগেও পুঁজি হারিয়ে অনেক বিনিয়োগকারী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এখনো আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেয়ারবাজার আবারো মহাধসের দিকেই এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাজারে কোনো তারল্য সংকট নেই। অতীতের কারসাজি চক্র সক্রিয় হয়ে ওঠায় বাজার আবার ধ্বংসের দিকে যাচ্ছে।
শেয়ারবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন পরিচালক বলেন, বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট প্রকট হয়ে উঠেছে।
বাজারের প্রতি তাদের আস্থা ফিরলেই বাজার স্বাভাবিক হয়ে যাবে। তবে কেউ যদি কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারের জন্য যেসব উদ্যোগ নেয়া হয়েছে, তা এখনো দৃশ্যমান নয়। সেসব শুধু কথার কথাই থেকে গেছে। এজন্য হয়তো বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে না।
বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর দায়িত্ব বিএসইসির। কোনো অজ্ঞাত কারণে তারা সেটা করতে পারছে না। ফলে এর একটা প্রভাব পড়ছে বাজারে।
আর শেয়ারবাজারে যদি কেউ কারসাজির সঙ্গে যুক্ত থাকে, তবে সেটা বিএসইসিকেই খুঁজে বের করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে স্থিতিশীল শেয়ারবাজারের স্বার্থে।