ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি না পাওয়ায় পেছাল বিএনপির সমাবেশ

অনুমতি না পাওয়ায় কারাবন্দী অসুস্থ চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবারের সমাবেশ রবিবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শনিবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবি আমরা আগামীকাল (রবিবার) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব।’

এ দুই জায়গার যেকোনো একটিতে সমাবেশের অনুমতির জন্য ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দেয়া হয়েছে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমাবেশকে সফল করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানান, তাদের অনুমতি দেয়া হোক বা না হোক, তারা নয়াপল্টনে সমাবেশ করবেন।

প্রসঙ্গত, চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৯ নভেম্বর রাজধানীসহ সারা দেশে শনিবার সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি।