ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন শনিবার বলেছেন, বন বিভাগের জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘বন বিভাগের কোনো জমি দখল হতে দেয়া হবে না। আর যারা বন দখলকারী তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ বন বিভাগের জায়গা দখল করার সাহস না পায়।’

নওগাঁর ধামইরহাট উপজেলায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী দেশ, জাতি  ও পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে সর্বস্তরের জনসাধারণকে বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান।

‘২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ করা হবে। তবে শুধু গাছ লাগালে চলবে না, পরিবেশ রক্ষায় যা যা করা দরকার সবই করতে হবে,’ যোগ করেন তিনি।

নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন প্রমুখ।