ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক সাইফুল মোড়ল (৩০) এবং বাসযাত্রী মাসুদ শেখ (২৬)। সাইফুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুভাসিনি গ্রামের খোদা বক্স মোড়লের ছেলে। আর বাসযাত্রী মাসুদ শেখ ফরিদপুর সদর উপজেলার চর কমলাপুর গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়াসিন উদ-দৌলা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের এক যাত্রী মারা যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঁচজন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজনকে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর দেখে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।